যাত্রাবাড়ীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৪:২৫

রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক মনা টাওয়ারের সামনে এলাকার মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. বাবলু হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি শফিকুল ইসলাম জানান, গতরাতে আমার বাসা কাজলা থেকে তার সহযোগী কামালসহ বাবলু রিকশাযোগে তার নিজের বাসায় ফিরছিলেন। পথেমধ্যে এলাকার রতনসহ ৩/৪ জন সন্ত্রাসী মাদক ব্যবসায়ী তার রিকশা গতিরোধ করে তাকে নামিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। তারপরে তারা তাকে বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার শ্যালক দক্ষিণ যাত্রাবাড়ী খালপাড় এলাকায় একটি স্টিল ফার্নিচার কারখানায় কাজ করতেন ওই কারখানার পাশে রতন এবং আরও একজন প্রতিদিনই ইয়াবা সেবন করতেন। এই বিষয় নিয়ে তাকে বলতেন, এইখানে ইয়াবা সেবন না করে অন্য কোথাও চলে যেতে। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কয়েকবার। এই বিষয় নিয়ে তাকে হত্যা করতে পারে বলে তিনি জানান। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় রতনসহ আরও একজনকে আটক করেছে পুলিশ।

তার মতে, বাবলুর বাসা ৩৪/২ দক্ষিণ যাত্রাবাড়ী টিনশেড বাড়ি। বাবা মৃত আবুল হোসেন। নিহতরা তিন ভাই দুই বোন। নিহত ব্যক্তি স্টিল ফার্নিচার মিস্ত্রি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

ইত্তেফাক/কেকে