ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:০০

বিপিএলের আগের চার আসরে হ্যাটট্রিক ছিল মাত্র ২টি। এবারের বিপিএলে এরই মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক দেখা গেল। গতকাল হ্যাটট্রিক করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এটি ছিল এবারের আসরের দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ঢাকা ডায়নামাইটসের অ্যালিস করেছিলেন হ্যাটট্রিক। গতকাল খুলনার ইনিংসের ১৮তম ও নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে ওয়াহাবের ডেলিভারিতে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ তুলে দেন ডেভিড উইজ। পরের বলে তাইজুল ইসলামকে বোল্ড করেন ওয়াহাব। ওভারের পঞ্চম বলে ওয়াহাবের বল সাদ্দাম হোসেনের ব্যাট ছুঁয়ে আশ্রয় জমায় তামিম ইকবালের তালুতে। এর আগে ২০১১-১২ মৌসুমে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ সামি। ২০১৫-১৬ মৌসুমে হ্যাটট্রিক করেন বাংলাদেশের আল-আমিন হোসেন।