স্পোর্টস রিপোর্টার
নীলফামারীতে বসুন্ধরা কিংসের কাছে বিধ্বস্ত হয়েছিল আবাহনী। তিন গোলের হারের বেদনা নিয়ে ঢাকায় ফেরা আবাহনী স্বাভাবিক কারণেই চাপের মধ্যে ছিল। অস্বস্তিতে ছিলেন আবাহনীর ফুটবলাররা। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে আবার জয়ে ফিরল।
আবাহনী মুক্তিযোদ্ধার লড়াই দেখতে হাজির শতাধিক দর্শকের উপস্থিতি খুব একটা উত্তেজনা ছড়ায়নি। আবাহনীর শুরুটাই ছিল সাদামাটা। আগের ম্যাচে হেরে মূল্যবান পয়েন্ট হারানো আবাহনী যেভাবে তেড়েফুড়ে উঠবে মনে হয়েছিল তা দেখাই যায়নি। একাধিক ফুটবলার ইনজুরিতে রয়েছে। আফগান মাসী সায়ঘানি ইনজুরিতে। এই ডিফেন্ডার মাঠে নামেননি। দুর্বলতা ছিল এখানে। রায়হান, তপু বর্মন, বাদশা, ওয়ালী ফয়সালরা সামাল দিয়েছেন রক্ষণভাগ। তারপরও ঝুঁকি ছিল। তবে মুক্তিযোদ্ধার আইভরিকোস্টের বালো ফেমোসাকে বোতল বন্দি রেখে অকেজো করে দিয়েছিলেন আবাহনীর ফুটবলাররা। বালো ফেমোসা আগের খেলায় শেখ জামালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ভয় ছিল এই ফরোয়ার্ড যে কোনো মুহূর্তে আবাহনীর জালেও বল রাখতে পারেন, সেটা জানা ছিল ওয়ালী ফয়সালদের। কড়া মার্কিংয়ের জাল থেকে বের হতে পারেননি বালো ফেমোসা। তারপরও মুক্তিযোদ্ধার আক্রমণ দুর্বল ছিল না। আত্মঘাতী গোল হজম করে পিছিয়ে পড়লেও ভাঙন ধরাতে পারেনি আবাহনী। ফেডারেশেন কাপ চ্যাম্পিয়ন আবাহনী খেলার ৩০তম মিনিটে রায়হানের থ্রোইনের বল মুক্তিযোদ্ধার গোলমুখে ঢোকার আগে সেই হ্যাটট্রিকম্যান বালো ফেমোসার মাথায় লেগে নিজেদের জালে ঢুকে যায় ১-০। এটাই আবাহনীকে এগিয়ে দিয়েছিল কাল। আবাহনী অগ্রগামিতা বজায় রাখার এমন লক্ষ্য নিয়ে লড়াইটা ধরে রাখে। মুক্তিযোদ্ধার অধিনায়ক আলমগীর অনিক, রোহিত সরকার, হাবিবুর রহমান, ত্রিনিদাদ এন্ড টোবাগোর ডিফেন্ডার অ্যান্থনি, সোহেল, গোলকিপার হিমেল, আলমগীর মোল্লারা নিজেদের আত্মবিশ্বাস নিয়ে লড়াই করলেন। ঘটল উল্টো। মুক্তিযোদ্ধার গোলকিপার হিমেল পোস্ট ছেড়ে উপরে উঠেছিলেন। সেটাই দেখেছেন আবাহনীর নাইজেরিয়ান সানডে চিজোবা। বাঁক খাওয়ানো শটে গোল করেন সানডে ২-০। স্বস্তি পায় আবাহনী। আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস খেলা শেষে বলছিলেন, ‘প্লেয়াররা গোল পাচ্ছিল না। এই জয় আত্মবিশ্বাস ফেরাবে। একটা স্বস্তির জয় পেয়েছি আমরা। এটা ধরে রাখতে হবে।’ বসুন্ধরার কাছে হারের পর এই কোচ তার খেলোয়াড়দের নিয়ে নতুন করে কাজ করছেন বলে জানিয়েছেন।
তিন খেলায় আবাহনীর ৬ পয়েন্ট। শনিবার ঢাকায় আবাহনীর খেলা রহমতগঞ্জের বিপক্ষে।
আজকের খেলা:
চট্টগ্রাম আবাহনী ও বিজেএমসি।
৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।
সাইফ স্পোর্টিং ও আরামবাগ। ৩টা, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ।
