বাগেরহাটে বেকারিতে অগ্নিকাণ্ডে কর্মচারীর মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২১:২৭

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরের একটি বেকারির জ্বালানির ঘরে অগ্নিকাণ্ডে আজিম শেখ নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শহরের কচুয়াপট্টি এলাকায় রমেশ সাহার মালিকানাধীন সুমন বেকারির জ্বালানির ঘরে এ ঘটনা ঘটে। মালিক পক্ষের বরাতে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঐ বেকারির জ্বালানি রাখার দোতলার টিনশেড ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বেকারির ভেতর থেকে আজিম নামের এক কর্মচারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়। তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।