ইত্তেফাক রিপোর্ট
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপ করা কঠোর বিধিনিষেধের মধ্যে দ্বিতীয় কার্যদিবস গতকাল রবিবারও দেশের বাজারে মূল্য সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে বিধিনিষেধের মধ্যে লেনদেন হওয়া দুই কার্যদিবসেই ঊর্ধ্বমুখী থাকল শেয়ারবাজার। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ায় ১৪ থেকে ২১ এপ্রিল কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই কঠোর বিধিনিষেধসংক্রান্ত প্রজ্ঞাপনে ব্যাংক বন্ধের নির্দেশনা দেওয়া হয়। যে কারণে কেন্দ্রীয় ব্যাংকও এই সময়ে ব্যাংক বন্ধের নির্দেশনা দেয়, যার পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ ঘোষণা করা হয়। পরে ব্যাংক খোলা রাখায় শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান্ত হয়।
গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩১ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্যসূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন বেড়েছে ৪৬ কোটি ৩৪ লাখ টাকা। সেই সঙ্গে ১২ কার্যদিবস পর বা ২৯ মার্চের পর ডিএসইতে ৬০০ কোটি টাকার ওপরে লেনদেন হলো।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১১০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের ৪১ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—লংকাবাংলা ফাইন্যান্স, রবি, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ক্রিস্টাল ইনসিওরেন্স, আরডি ফুড ও এশিয়া প্যাসেফিক ইনসিওরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৫টির এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
