জিম্বাবুয়ে দলে ফিরলেন টেইলর-আরভিন

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১৫

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন ব্রেন্ডন টেইলর এবং ক্রেইগ আরভিন।

শারীরিক সমস্যার কারণে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ সিরিজের দলে ছিলেন না টেইলর ও আরভিন। আরব আমিরাতে আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল জিম্বাবুয়ে। তবে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দলটি।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য জিম্বাবুয়ে দলে আছে কয়েকটি নতুন মুখ। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান টাডিওয়ান্সে মারুমানি, পেসার তানাকা সিভাঙ্গা এবং স্পিনার টাপিওয়া মুফুডজা।

দীর্ঘ পাঁচ বছর পর দলে ডাক পেলেন লুক জঙ্গিয়ে। সর্বশেষ ২০১৬ সালে জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন তিনি। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি সিকান্দার রাজার। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান-জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস মাঠে।

জিম্বাবুয়ে স্কোয়াড :শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তানাকা সিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গিয়ে, তিনাসে তামুনহুকামে, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ান্সে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টানাকা সিভাঙ্গা, টাপিওয়া মুফুডজা, ব্লেসিং মুজরাবানি, রিচার্ড নাগার্ভা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড ত্রিপানো।