সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানী-গঞ্জে যে ঘটনা ঘটেছে আমি শেষবারের মতো বলছি ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত দেন। নোয়াখালী থেকে হলে একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারীরা প্রভাব বিস্তার করবে। ঢাকায় বিভিন্ন প্রভাবশালী গোয়েন্দা সংস্থার চৌকশ কর্মকর্তা আছে, তাদের দিয়ে তদন্ত দেন, সে তদন্তে যদি আমার ভাই শাহাদাত ছেলে তাশিক ও আমিসহ অনুসারীরা অন্যায়কারী প্রমাণিত হয় তাহলে আমরা কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এ অত্যাচার আর সইব না, হয়তোবা পুরো পরিবারকে বিষ খেয়ে জীবন দিতে হবে, এটা ছাড়া বিকল্প পথ নাই। আগে বলেছি আল্লাহর দিকে তাকানো ছাড়া উপায় নাই, এখন বলেছি বিষ খেয়ে জীবন দেওয়া ছাড়া উপায় নাই। তিনি গতকাল রবিবার সকালে তার পৌরসভার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরালের সামনে বিষ খেয়ে বুকের ওপর লিখে রাখব সে কথা; তা এখন বলব না। আমি রমজান মাসে লাইভ থেকে বিরত থাকার অঙ্গীকার করছিলাম কিন্তু বারবার আমার ওপর হামলা হলেও আমি কোনো প্রতিকার পাইনি। আমার পরিবারের ওপর অত্যাচারের কোনো প্রতিকার পাইনি। অথচ আমার বিরুদ্ধে কোম্পানীগঞ্জে পুলিশ ও সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। আপনার স্ত্রী (ওবায়দুল কাদের) ২০ লাখ টাকা দামের শাড়ি পরে, আর আমার ...গরিব মানুষ ২০০ টাকার জন্য ছেঁড়া কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটা কি চলতে দেওয়া যায়, এজন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন? কোম্পানীগঞ্জের সবাই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সপরিবারে হত্যার হুমকি
এদিকে আবদুল কাদের মির্জাকে সপরিবারে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টা ৫ মিনিটে কাদের মির্জার মোবাইল ফোনে কল করে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় রাত সাড়ে ১১টার দিকে জিডি করেন, যার নং-৮১১, তারিখ-১৭/০৪/২০২১।
জিডিতে মেয়র আবদুল কাদের মির্জা উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা ৮টা ৫ মিনিটে +৯৯১৬০০১৬১৬০ নাম্বার থেকে আমার ব্যবহূত মোবাইল নাম্বার ০১৭১১৮৯০৭১৮-এ ফোন আসে। ফোনে আমি ও আমার একমাত্র ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকসহ সপরিবারকে হত্যার হুমকি এবং বহিরাগত ও স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা সন্ত্রাসীর যোগসাজশে পরিকল্পিতভাবে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করছে। এ ঘটনায় বসুরহাট বাজারে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, র্যাব-১১, ডিবি পুলিশ, দাঙ্গা পুলিশ বাজারে টহল দিচ্ছে। বসুরহাট পৌরসভা এখন জনমানবশূন্য।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক রনি জানান, কাদের মির্জা ও তার ছেলে এবং তার পরিবারকে হত্যার হুমকির বিষয়ে কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ নাম্বারটি ট্যাগ করে নিশ্চিত হয়েছে মেক্সিকো থেকে ফোন দিয়ে কাদের মির্জাকে এ হত্যার হুমকি দেওয়া হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
