ইনজুরি কাটিয়ে লুইসের বাজিমাত্

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ খেলতে না পারলেও বিপিএলের চলতি আসরে বরাবরই আলোচনায় ছিলেন এভিন লুইস। চার ম্যাচ বাইরে থাকার পর গতকালই প্রথম মাঠে নামেন তিনি। আর প্রথম ম্যাচেই বাজিমাত্ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই উদ্বোধনী ব্যাটসম্যান। গতকাল জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইটানসের বিরুদ্ধে সেঞ্চুরি এসেছে এই ক্যারিবিয়ানের ব্যাট থেকে। ৪৯ বলে ১০ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই সুবাদে তার দল ৮০ রানের বড় জয় পায় খুলনার বিরুদ্ধে।

চলতি আসরে এটি লুইসের প্রথম সেঞ্চুরি হলেও বিপিএলের ইতিহাসে এই নিয়ে দুটি শতক পেলেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, আগের সেঞ্চুরিটিও ছিল চট্টগ্রামে। ২০১৫ সালের ডিসেম্বরে বরিশাল বুলসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬৫ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। রবিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এভিন লুইসকে নিয়ে সাংবাদিকদের কাছে উচ্চাশা প্রকাশ করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সহকারী কোচ সোহেল ইসলাম। বলেছিলেন, ‘এভিন লুইসকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। যদিও ইনজুরির কারণে কয়েকটি ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে তিনি এখন পুরোপুরি ফিট। আশা করছি, চট্টগ্রামের ব্যাটিং উইকেটে তিনি ভালো কিছুই করে দেখাবেন।’

সোহেলের আশাবাদ যে, অমূলক ছিল না সেটা কাল প্রমাণ করেছেন এভিন লুইস। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লুইসের উচ্ছ্বসিত প্রশংসা করলেন সতীর্থ ইমরুল কায়েসও। বলেন, ‘অসাধারণ একটা ইনিংস খেলেছে সে। আমার দেখা অন্যতম সেরা ইনিংস। এটা আমাদের টিমের জন্য যেমন দরকার ছিল তেমনি ওর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যও দরকার ছিল। অনেকদিন ধরে ও নিজের মতো ব্যাটিং করতে পারছিল না। ও ফর্মে এসেছে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এই ইনিংসটার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া সহজ হবে। এরকম ইনিংস খেললে যে কোনো বোলারের জন্য ব্যাটসম্যানকে সামাল দেওয়া কঠিন হয়ে যায়।’  

বিপিএলে এবার এ পর্যন্ত চারটি শতরান হয়েছে। প্রথমটি করেন রাজশাহী কিংসের লোরি ইভান্স। ২১ জানুয়ারি মিরপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬২ বলে ৯টি চার আর ৬টি ছক্কায় ১০৪ রান করেন তিনি। ওই সেঞ্চুরির সুবাদে তামিমের দলকে ৩৮ রানে হারায় মিরাজের রাজশাহী কিংস। এরপর ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং ভাইকিংসের বিরুদ্ধে রংপুরের হেলস ও রুশোর ব্যাটে জোড়া সেঞ্চুরি আসে। হেলস ৪৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০০ রান তুলে বিদায় নেন। অন্যদিকে ৫১ বলে ৮ চার ও ৬ ছক্কায় টুর্নামেন্টের তৃতীয় শতক তুলে নেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রুশো। সর্বশেষ সেঞ্চুরিটি করেন এভিন লুইস। তার সেঞ্চুরিসহ বিপিএলের ছয়টি আসরে এ পর্যন্ত ১৬টি সেঞ্চুরি হয়েছে যার মধ্যে সর্বোচ্চ ৫টি করেছেন লুইসের স্বদেশি রংপুরের আরেক ব্যাটসম্যান ক্রিস গেইল।