স্পোর্টস ডেস্ক
ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে ওঠা রিয়াল মাদ্রিদ করিম বেনজেমার জোড়া গোলে গত রবিবার লা লিগায় এস্পানিয়লকে ৪-২ হারিয়েছে। তারপরও স্পানিশ লিগে দলটির অবস্থান তৃতীয়। শীর্ষে আছে বার্সেলোনা যারা নগর প্রতিদ্বন্দ্বী জিরোনাকে বাড়তি ঘাম ঝরিয়ে ২-০ গোলে হারায় এদিন।
রিয়াল ধীরে ধীরে গেল বছরের শেষদিককার ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় সামাল দিয়ে ফেলছে। কোচ জিনেদিন জিদান ও ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে যাওয়ার পর দুর্দশায় পড়েছিল রিয়াল। বরখাস্ত হন জিদানের উত্তরসুরি কোচ হুলেন লোপেতেগুই। নতুন কোচ সান্তিয়াগো সোলারি এসে পরিস্থিতি সামাল দেন। তারপরও এ বছরের শুরুটা ভালো হয়নি। জানুয়ারির প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ড্রয়ের পর রিয়াল সোসিয়েদাদের কাছে পরাজিত হয়েছিল সোলারির শিষ্যরা। তারপর থেকে লা লিগায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে রিয়াল। লিগের এমন ছন্দ চ্যাম্পিয়ন্স লিগেও টেনে নিতে উদগ্রীব টুর্নামেন্টটির শিরোপাধারীরা। দলের তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘দলটা ধীরে ধীরে আরও ভালো হয়ে উঠছে এবং আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করবো। চ্যাম্পিয়ন্স লিগে আমরা আমাদের সম্ভাব্য সেরা ছন্দ নিয়ে যেতে চাই।’
এস্পানিওলের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখান বেনজেমা। আগের তিন ম্যাচে গোলশূন্য থাকা ফরাসি স্ট্রাইকার প্রথমার্ধেই জোড়া গোল করলে চালকের আসনে বসে রিয়াল। বদলি হিসেবে নামা গ্যারেথ বেলের গোলেও ছোঁয়া ছিল বেনজেমার। বাঁ প্রান্ত থেকে দারুণ ড্রিবলে এস্পানিওল রক্ষণ ভেঙে বল ছাড়েন লুকাস ভাসকেজকে, যার বাড়ানো বল থেকেই লক্ষ্যভেদ করেন বেল।
বেনজেমার নৈপুণ্যে মুগ্ধ কোচ সোলারি বলেন, ‘সে সবসময়ই এমন পরিপূর্ণ নৈপুণ্য দেখায় কিন্তু আজ সে দুটো দারুণ গোলও করেছে। তার উপর আমাদের আস্থা আছে এবং সে পুরো মৌসুমজুড়েই নিজের সর্বোচ্চ দিয়ে এই আস্থার পূর্ণ প্রতিদান দিচ্ছে।’
জয়ের মধ্যেও প্রথমার্ধে গোলের দেখা পাওয়া অধিনায়ক সার্জিও রামোসের চোট দুশ্চিন্তায় ফেলেছে রিয়ালকে। তাছাড়া শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরেক ডিফেন্ডার রাফায়েল ভারান। ডিফেন্ডার দানি কারভাহাল মৌসুমের পঞ্চম হলুদ কার্ডটি দেখে ফেলেছেন। ফলে পরের লিগ ম্যাচে তিনজন প্রথম একাদশের ডিফেন্ডার ছাড়াই খেলতে হতে পারে রিয়ালকে। সোলারির আশাবাদ, জিরোনার বিপক্ষে কোপা ম্যাচের আগেই ফিরবেন রামোস। আর্জেন্টাইন এই কোচের ভাষায়, ‘সে খেলা চালিয়ে যেতে পারেনি কিন্তু এটা হালকা চোট বলেই মনে করছি আমরা। আমাদের আশাবাদ জিরোনার বিপক্ষে কাপ ম্যাচেই ফিরতে পারবে সে।’
বার্সেলোনার জয়টি অনায়াস ছিল না। এমনকি ৫১ মিনিটে জিরোনা দশজনের দলে পরিণত হওয়ার পরও। তারপরও ডার্বি জয় বলে কথা। নবম মিনিটে নেলসন সেমেদো এবং ৬৮ মিনিটে লিওনেল মেসি শিরোপাধারীদের হয়ে গোল দুটি দেন।
কাতালান ক্লাবটি ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান খেলায় রিয়ালের অর্জন ৩৯ পয়েন্ট।
