বাগেরহাটের ফকিরহাট কাটাখালী বাস স্ট্যান্ড এলাকা থেকে রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ৪ কিশোর সহ সন্দেহভাজন এক পাচারকারীকে আটক করেন স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ কিশোরকে উদ্ধার করে।
আটককৃত আজমল শেখ (২৬) খুলনা জেলার সদর থানার রেললাইন নিউ কলোনী এলাকার আলী আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজমল শেখ চার কিশোরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য মাইক্রো ঠিক করতে আসে। এসময় কাটাখালী বাস স্ট্যান্ডের জনৈক এক ব্যক্তি পাচারকারী আজমল শেখকে চিনতে পারে। বিষয়টি সে বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ৪ কিশোর সহ তাকে আটকে রেখে ৯৯৯ নাম্বারে ফোন করে জানায়। পরবর্তীতে ফকিরহাট মডেল থানা পুলিশের (এস আই) অনুপ রায় ফোর্স নিয়ে ৪ কিশোরকে উদ্ধার ও সন্দেহভাজন পাচারকারীকে আটক করে। এসময় আজমল শেখ বলে, দুই বছর যাবত সে রেল স্টেশন থেকে শিশু-কিশোরদের চাকরি দেওয়ার কথা বলে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়।
উদ্ধারকৃত ৪ কিশোর হলো যশোর জেলার অভয়নগর থানার বিভাগদি গ্রামের আব্বাস দেওয়ান এর ছেলে সোহান দেওয়ান (১৫), যশোর জেলার অভয়নগর থানার পোড়াখালী গ্রামের ছোট্ট মিস্ত্রীর ছেলে রিফাত শেখ (১৭), খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মান্ডারপাড়া গ্রামের মৃত. শের আলী শেখ এর ছেলে ইলজামুল শেখ (১৪), চট্টগ্রাম জেলার অলংকার থানার খালপাড় এলাকার মৃত. রফিকুল ইসলামের ছেলে শাখাওয়াত হোসেন সাগর (১৪)।
আজমল ইতিপূর্বে চাকরির প্রলোভন দেখিয়ে এক শিশুকে আটকে রেখে মুক্তিপণ দাবি করার ঘটনায় র্যাব-৬ হাতে আটক হয় বলে পুলিশ জানায়।
ইত্তেফাক/এসজেড
