কম্পিউটার অপারেটরদের ঠকানোর অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:১৩

একটি বাড়ি একটি খামার প্রকল্প

ইত্তেফাক রিপোর্ট

একটি বাড়ি একটি খামার প্রকল্পের (বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংক) কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীদের বেতন ও পদোন্নতিতে বৈষম্যের মাধ্যমে ঠকানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি সুরাহা করার জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ব্যাংকের এমডি বরাবর স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি বেতন ও পদোন্নতি বৈষম্যের কারণে পল্লী সঞ্চয় ব্যাংকে মাঠ পর্যায়ে অসন্তোষ তৈরি হচ্ছে।

স্মারক লিপিতে বলা হয়, ২০১০ সালে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করে। প্রকল্প মেয়াদ শেষে পল্লী সঞ্চয় ব্যাংক করা হয়। প্রকল্প শুরুর সময় কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী (গ্রেড-১৩) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১১ সালে উপজেলা সমন্বয়কারী ও ২০১৩ সালে মাঠ সংগঠকদের বেতন গ্রেড বাড়ানো হয়। পাশাপাশি মাঠ সংগঠকদের পদের নাম পরিবর্তন করে ফিল্ড সুপারভাইজার করা হয়। কিন্তু অজ্ঞাত কারণে কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী পদে কোনো পরিবর্তন করা হয়নি, বাড়ানো হয়নি বেতনভাতাও। তাদের পাশকাটিয়ে জুনিয়র ও নিচের গ্রেডের কর্মকর্তাদের উপরের গ্রেডে উন্নিত করা হয়। এতে একদিকে যেমন বেতন বৈষম্য আর অন্যদিকে প্রশাসনিক কাজে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। একই সঙ্গে নিয়োগ পেয়ে বেতন বৈষম্য ও পদোন্নতি বঞ্চিত কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীরা। এ অবস্থায় বৈষম্যের শিকার ১৮৮ জন ভুক্তভোগী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন।

প্রকল্পের কম্পিউটার অপারেটর ঝর্ণা আক্তার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েক দফায় বিষয়টি অবগত করা হয়েছে। তারা মৌখিক আশ্বাস দিয়েছেন মাত্র। পল্লী সঞ্চয় ব্যাংকের অধীনস্থ হওয়ায় আমরা খুব আশাবাদী ছিলাম যে বৈষম্য দূর হবে। কিন্তু সে আশারও গুড়েবালি। অপর কর্মকর্তা নূরু ইসলাম বলেন, প্রকল্পে আমরা নগদ অর্থ ব্যবস্থাপনা, অনলাইন ব্যাংকিং পরিচালনা, হিসাব শাখার যাবতীয় কাজ সম্পাদন, প্রশাসনিক ও সাচিবিক সহযোগিতার পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংকের হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব পালন করি। পাশাপাশি কম্পিউটার অপারেটরের যাবতীয় কাজও করতে হয়। কিন্তু বরাবরের মতো এখনো আমরা অবহেলিত। এবিষয়ে জানতে চাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার সাংবাদিকদের বলেন, তারা প্রকল্পে যে পদে ছিলো একই পদে একই বেতনগ্রেডে ব্যাংকে স্থানান্তর হবে। কারও পদোন্নতির সুযোগ নেই। কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারীরা যথা নিয়মে পদোন্নতি পাবেন এবং বেতনভাতা ব্যাংকের নিয়ম অনুসারে বাড়বে।