ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকদের কাছে টাকা দাবি!

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:১৪

 সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

রবিবার কে বা কারা সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে টাকা চেয়েছে।

সৈয়দপুর শহরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ জানান, অপরিচিত একটি নম্বর থেকে নিজেকে একজন ইউএনও হিসাবে পরিচয় দিয়ে কথা বলেন এক ব্যক্তি। বলা হয়, আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ল্যাপটপ এসেছে; কিন্তু ওই ল্যাপটপটি পেতে হলে এই নম্বরে ৫ হাজার টাকা বিকাশ করুন। একইভাবে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কল করা হয়। অর্থের বিনিময়ে ল্যাপটপ দেওয়ার বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে পড়েন শিক্ষকরা। ফলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়াকে অবগত করা হয়। সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল বলেন, এ নিয়ে আমি ইউএনও স্যারের সাথে কথা বলেছি। এতে নিশ্চিত হয়েছি কাজটি একটি দুষ্ট চক্রের। আর কোনো স্কুলে ল্যাপটপ মিললে তা আমারও জানা থাকার কথা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া জানান, বিষয়টি জানার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে সতর্ক বার্তা দিয়েছি। এছাড়াও এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ করা হয়েছে।