ধান কাটতে ডোমার ছাড়ছেন ১০ হাজার কৃষিশ্রমিক

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:৩৩

ডোমার (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর ডোমার উপজেলা থেকে এবার প্রায় ১০ হাজার কৃষিশ্রমিক ধান কাটতে দেশের বিভিন্ন স্থানে যাবেন। করোনা ভাইরাসের কারণে সরকারঘোষিত বিধিনিষেধের এ সময়ে কৃষিশ্রমিকদের যাওয়া নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ, থানাপুলিশ ও উপজেলা প্রশাসন একসঙ্গে কাজ করছে। সোমাবর দুপুরে ১২টি মাইক্রোবাসে করে ১৯৫ জন কৃষিশ্রমিক ধান কাটতে আত্রাই, নওগাঁ, শান্তাহার ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হন।  

কৃষিশ্রমিক নুরনবী ইসলাম জানান, বিধিনিষেধের মধ্যে কোনো কাজ নাই। তাই আমরা এলাকার কর্মহীন যুবকরা একত্রিত হয়ে নওগাঁ যাচ্ছি। আশা করি, ধান কেটে নিজের ও পরিবারের খচর বাদে কিছুটা সঞ্চয় হবে। কৃষিশ্রমিক সাজেদুল ইসলাম জানান, আমরা ১৬ জনের একটি দল আত্রাই রওনা হয়েছি। সেখানে ৩ হাজার টাকা মজুরিতে প্রতি বিঘা জমির ধান কাটব আমরা।

ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, ইউনিয়ন পরিষদের তালিকা ও উপজেলা প্রশাসনের সুপারিশপত্র নিয়ে কৃষিশ্রমকিরা আসছেন। তাদের আমরা নিরাপদে যাওয়া ব্যবস্থা করে দিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, এবারে প্রায় ১০ হাজারের মতো কৃষিশ্রমিক দেশের বিভিন্ন স্থানে ধান কাটতে যাবে। কোনো হয়রানি ছাড়াই কৃষি শ্রমিকদের নিরাপদে যাওয়ার সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি।