বিমান বাহিনী প্রধান ছয় দিনের সফরে তুরস্কে

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০০:২৭

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ছয় দিনের সরকারি সফরে তুরস্কে গেছেন। গত রবিবার রাতে স্ত্রী ও চার সফরসঙ্গীসহ বিমান বাহিনীর সি-১৩০জে বিমানে করে তিনি তুরস্ক যান। টারকিস এয়ারফোর্সের কমান্ডার জেনারেল হাসানের আমন্ত্রণে তিনি তুরস্ক সফরে গেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করাসহ এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার এবং কমান্ডার অব এয়ারফোর্স একাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন বিমান বাহিনী প্রধান।