বায়ুদূষণ রোধে দুই বেলা পানি ছিটানোর নির্দেশ হাইকোর্টের

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:২৪

ধুলার কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে সকাল ও বিকালে ঢাকার সড়কে পানি ছিটানোর ব্যবস্থা গ্রহণ করতে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া এ ধরনের বায়ুদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতি সপ্তাহে দুই বার মোবাইল কোর্ট পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে আদালত। 

আদালত বলেছে, রাজধানীর বিভিন্ন সড়কসহ যেসব স্থানে উন্নয়ন ও সংস্কার কাজ চলছে সেসব জায়গা আগামী দুই সপ্তাহের মধ্যে যথাযথভাবে আচ্ছাদিত করতে হবে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতের আদেশ বাস্তবায়ন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে দুই সিটির মেয়র, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।

এ নিয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করে। রুলে ঢাকা শহরের বায়ুদূষণ রোধে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বে-আইনি ঘোষণা করা হবে না এবং বায়ুদূষণ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে।