বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি সব দলকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এটা সংলাপ নয়, বলতে পারেন ‘গার্ডেন পার্টি’। এখানে আমন্ত্রিতরা পারস্পরিক মতবিনিময় করবেন। একসঙ্গে চা পান করবেন। তবে ফাঁকে ফাঁকে অন্য কথাবার্তাও বলা যাবে। কেউ না যেতে চাইলে সেটা তাদের নিজস্ব ব্যাপার।
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হলেও বিএনপি নিজেদের সরিয়ে নিচ্ছে। তারা সংসদে না এলে আমরা জোর করতে যাব না। তারা গত ৫ বছর দশম জাতীয় সংসদে ছিল না। তারপরেও সংসদ থেমে থাকেনি। ঐক্যফ্রন্টের দুই এমপির শপথ নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক আখ্যায়িত করে তাদের স্বাগত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটা ভাল সিদ্ধান্ত। আমরা চাই তারা সংসদে এসে আলোচনা করবেন, বিতর্কে অংশ নেবেন। তারা যত সমালোচনা করবেন, ততই গণতন্ত্র শক্তিশালী হবে।
ওবায়দুল কাদের বলেন, আমরা নির্বাচনের আগে তাদের সঙ্গে দুই দফা সংলাপ করেছি। এতেই স্পষ্ট, আমরা তাদের গুরুত্ব দিয়েছি। তবে পৃথিবীর কোনো দেশেই একেবারে নিখুঁত নির্বাচন হয় না বলে তিনি মন্তব্য করেন।
