ইত্তেফাক রিপোর্ট
সিঙ্গাপুরে চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ আগামী সপ্তাহে দেশে ফিরতে পারেন। এরশাদের সঙ্গে সিঙ্গাপুরে থাকা তার ব্যক্তিগত সচিব (পিএস) ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার গতকাল সোমবার টেলিফোনে ইত্তেফাককে বলেন, ‘জাপা চেয়ারম্যানের শারীরিক অবস্থা রবিবার একটু বেশি খারাপ ছিল, তবে আজ (গতকাল) তুলনামূলকভাবে ভালো। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ধারণা করছি হয়তো ছয়-সাতদিন পর তাকে দেশে ফেরার ছাড়পত্র দেওয়া হতে পারে।’
মেজর খালেদ জানান, এরশাদের শারীরিক দুর্বলতা কিছুটা কমেছে। যকৃতের সমস্যার উন্নতি হওয়ায় তিনি এখন অল্পঅল্প করে খেতে পারছেন। প্রতিদিনই হাসপাতালের ফ্লোরে ধরে-ধরে তাকে কিছুক্ষণ হাঁটানো হচ্ছে। এ ছাড়া রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে দু-একদিন পরপর তাকে রক্ত দিতে হচ্ছে।
এ দিকে আগামীকাল বুধবার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বিরোধী দলীয় নেতা সংসদে থাকছেন না। তবে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ জাপার নির্বাচিত অন্য সংসদ সদস্যরা প্রথমদিনেই অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে।
কিশোরগঞ্জ-১ আসনে জাপার
প্রার্থী মুস্তাইন বিল্লাহ
আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে জাপার মনোনয়ন পেয়েছেন আলহাজ মুস্তাইন বিল্লাহ।
তা ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাপার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যান্ডসংগীত শিল্পী শাফিন আহমেদ। এ ছাড়া কাউন্সিলর পদে গত দুদিনে জাপার ২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
