তানোরে অজ্ঞাত রোগে দুই দিনে চারজনের মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:২৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর তানোরে অজ্ঞাত রোগে দুই দিনে শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বাধাইড় ইউনিয়নের বহরইল ভান্ডাইল গ্রামের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত রবিবার বহরইল ভান্ডাইল গ্রামের জনাব আলী (৪৫), নুরি বিবি (৬৫) ও রুবেলের চার দিনের শিশু ছেলের (নাম রাখা হয়নি) মৃত্যু হয়। সোমবার সকালে মৃত্যু হয় সমশের আলীর (৭০)। এছাড়া গ্রামের কাউছার আলীসহ কয়েকজন অসুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বহরইল গ্রামের ইউপি মেম্বার আব্দুর লতিফ ও শরিফুল ইসলাম বলেন, রবিবার খবর পাই বহরইল ভান্ডাইল গ্রামে শিশুসহ তিনজন মারা গেছেন। ওইদিনই সকলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। উল্লিখিত ব্যক্তিদের কাউকে চিকিত্সকের কাছেও নেওয়া সম্ভব হয়নি।

তারা আরও বলেন, সোমবার সকালে বহরইল ভান্ডাইল গ্রামের সমশেরের প্রথমে শরীর গরম হয়ে জ্বর আসে এবং কাঁপতে শুরু করে। পরে স্থানীয় মুন্ডুমালা বাজারের গ্রাম্য চিকিত্সক মতিনের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কী রোগে তারা মারা গেছেন তা কেউ বলতে পারেননি।