প্রধানমন্ত্রীর চা-চক্রে বিদেশি কূটনীতিকরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ২২:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে গণভবনের সবুজ চত্বরে গতকাল সোমবার বিকালে প্রধানমন্ত্রী চা-চক্রের আয়োজন করেন। বিকাল সাড়ে তিনটার আগে থেকেই অনুষ্ঠানে যোগ দিতে গণভবনে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। প্রধানমন্ত্রী বিকাল চারটার কিছু পর অনুষ্ঠানস্থলে আসেন। ঘুরে ঘুরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় কূটনীতিকরাও ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যোগ দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, চীন, ভারত, সুইডেন, সুইজারল্যান্ড, জার্মানি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, ভ্যাটিক্যান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন সব কয়টি দেশের দূতাবাসের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চা-চক্রে অংশ নেন। বিদেশি অতিথিদের ফুচকা, চটপটি, পিঠা, কদমা, মোয়া, মুরালি, বিভিন্ন ফল, চা-কফিসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।