ইত্তেফাক ডেস্ক
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন জনসহ বিভিন্ন স্থানে মারা গেছেন পাঁচ জন। আহত হয়েছেন আরো কয়েক জন। মঙ্গলবার এসব সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
চৌদ্দগ্রাম (কুমিল্লা) :চৌদ্দগ্রামে বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ট্রাকের হেলপার আলমগীর হোসেন, মোটরসাইকেল আরোহী পেয়ার আহম্মেদ ও লরিচালক রাসেল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকামুখী একটি লরি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পূর্ব দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গেও সংঘর্ষ হয়। লরির ধাক্কায় ট্রাকটি সড়কের পাশে থাকা দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। আহত হন আরও সাত জন। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।
ফকিরহাট (বাগেরহাট) : ফকিরহাটে পণ্যবাহী ট্রাকের সঙ্গে অন্য এক ট্রাকের সংঘর্ষে চালক মো. আমিরুল ইসলাম মারা গেছেন। এ সময় অন্য ট্রাকে থাকা বাবা ও ছেলে আহত হয়েছেন। দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক মো. আমিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে। ফকিরহাট থানার এসআই এস এম রায়হান জানান, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকই দুমড়েমুচড়ে যায়। খুলনাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অন্য ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর (টাঙ্গাইল) :সখীপুরে দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাক চাপায় কামরুল নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার কচুয়া-কীর্ত্তনখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কচুয়া গ্রামের আলম মিয়ার ছেলে। সখীপুর থানার ওসি (তদন্ত) এ এইচ এম লুত্ফুল কবির বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
