কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি চলমান পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মধ্যে মঙ্গলবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ১২০ জন বেকার গণপরিবহন শ্রমিক এবং দোকান কর্মচারীর মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ প্রমুখ।
করোনা রোগীদের চিকিত্সায় ওয়ার্ড পরিদর্শন
নাটোর প্রতিনিধি নাটোর সদর হাসপাতালের নতুন ভবনে করোনা রোগীদের চিকিত্সায় ওয়ার্ড প্রস্তুতের জন্য পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। মঙ্গলবার দুপুরে নাটোর সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণাধীন ভবনে করোনা রোগীদের চিকিত্সায় নতুন ওয়ার্ড প্রস্তুতের জন্য পরিদর্শন করেছেন তারা।
নেত্রকোনায় বাজার তদারকি
নেত্রকোনা প্রতিনিধি রমাজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসন ও নেত্রকোনা চেম্বারের যৌথ উদ্যোগে বাজার তদারকি চলছে। মঙ্গলবারও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ মনিটরিং কমিটি শহরের কাঁচা বাজার এবং মেছুয়া বাজার তদারকি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ এবং চেম্বার সদস্য এইচ আর খান পাঠান সাকি।
দুই হাসপাতালে হাইফ্লো ক্যানোলা প্রদান
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার জেলা সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি হাইফ্লো ন্যাসেল ক্যানোলা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালের আরএমও ডা. মো. নুরুল ইসলাম এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অভিজিত গোস্বামীর হাতে হাইফ্লো ন্যাসেল ক্যানোলা দুটি দেওয়া হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান লস্কর ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন এগুলো প্রদান করেন।
কৃষিশ্রমিকরা গেল পাবনা ও নাটোরে
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে চলছে বিধিনিষেধ। এ সময়ে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে কৃষি শ্রমিককে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মোতাবেক সোমবার বিকালে সৈয়দপুর থেকে ধান কাটতে কৃষি শ্রমিকদের পাবনা ও নাটোরে পাঠানো হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় ৩০ জন শ্রমিককে মাইক্রোবাসযোগে পাঠানো হয়েছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম এর সত্যতা নিশ্চিত করেছেন।
কাপড়ের তৈরি মাস্ক বিতরণ
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে মঙ্গলবার কাপড়ের তৈরি ৪ হাজার মাস্ক বিতরণ করেছে সদর উপজেলা পরিষদ। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রেস ক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে এই মাস্ক তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম।
পাঁচবিবি প্রেস ক্লাবের সংস্কারকাজ উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবি প্রেস ক্লাবের উন্নয়ন ও সংস্কারকাজ মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়। প্রেস ক্লাব চত্বরে এ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু, সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায় ও আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন, নির্মল রায় প্রমুখ।
কারিগরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে মঙ্গলবার কর্মহীন শীতলপাটি তৈরির কারিগরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। উপজেলার ঝাঐল চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৫ জন কর্মহীন কারিগরের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা।
০
