এএফপি
মিগুয়েল দিয়াজ ক্যানেল কিউবার সর্বক্ষমতাসম্পন্ন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। দিয়াজ ক্যানেল (৬০) ২০১৮ সাল থেকে কিউবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যদিয়ে দেশটিতে ছয় দশকের ক্যাস্ট্রো প্রভাবের অবসান ঘটল। এর আগে পার্টির শীর্ষ পদ থেকে রাউল ক্যাস্ট্রো (৮৯) অবসর নেন। কমিউনিস্ট পার্টি অব কিউবার (পিসিসি) এক বিবৃতিতে বলা হয়েছে, মিগুয়েল দিয়াজ ক্যানেল কমিউনিস্ট পার্টি অব কিউবার সেন্ট্রাল কমিটির ফার্স্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এদিকে গত শুক্রবার দলের উদ্দেশ্যে দেওয়া চূড়ান্ত ভাষণে ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ আলোচনা ও নতুন ধরনের সম্পর্ক গড়ার আগ্রহ ব্যক্ত করেছেন। তবে তিনি দেশটির বিপ্লব ও সমাজতন্ত্রের নীতি ত্যাগ না করার ওপর জোর দেন। ফিদেল ক্যাস্ট্রো ১৯৫৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কিউবার নেতৃত্ব দেন। তার অসুস্থতার পর ভাই রাউল ক্যাস্ট্রো দায়িত্ব নেন।
