বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:১২

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

রাজশাহী: শুক্রবার ভোররাতে রাজশাহীর পবা উপজেলার হরিপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেছে। এতে বাসের এক যাত্রী ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। নিহতরা হলেন শওকত আলী (৩০) ও আবদুল হালিম (৪০)।

রাজশাহীর দামকুরা থানার ওসি আব্দুল লতিফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বাসটি হরিপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ:শুক্রবার দুপুরে গোপালগঞ্জে বালু বোঝাই ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। তার নাম রহমাত উল্লাহ (১৮)। সে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোহাম্মদ জানান, উপজেলার কোনাগ্রামে বালু বোঝাই একটি ট্রলি উল্টে চালক রহমাত উল্লাহ ট্রলির নিচে চাপা পড়ে আহত হন। তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

রাউজান (চট্টগ্রাম): বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালের (চুয়েট) বাসের চাপাায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. মানিক (১৭)। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদারপাড়া গ্রামের মো. মুছার ছেলে।

নিহতের পরিববার সূত্রে জানা গেছে, মদুনাঘাটে একটি অ্যালুমিনিয়ামের দোকানে কাজ শেষে মানিক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ার ঘাটার ব্রিক ফিল্ডে দুর্ঘটনার শিকার হন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই শেখ জাবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।