ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
অবৈধভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে মামলা করা করছে। এ সময় একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যোতিন্দ্র নারায়ণ এলাকার গুয়াবাড়ী ঘাটে নবনির্মিত সেতুর মাত্র ২০০ গজ দূরে বারোমাসিয়া নদীতে এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তৌহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও মো. তৌহিদুর রহমান জানান, বারোমাসিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় অভিযান চালানো হলে বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে বালু উত্তোলনের একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। জমির মালিক দাবিকারী ব্যক্তি ও ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, উপজেলায় একাধিক সিন্ডিকেট প্রকাশ্যে দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রেখে শিমুলবাড়ী ইউনিয়নের যোতিন্দ্র নারায়ণ এলাকার গুয়াবাড়ী ঘাটে নবনির্মিত সেতুর মাত্র ২০০ গজ দূরে বারোমাসিয়া নদী থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু তুলছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে সেতুটি।
