হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু সায়িমকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ধামরাইয়ের ওসি। ওসি দীপক চন্দ্র সাহা জানান, গত শনিবার শিশুটি আশুলিয়ার পল্লী বিদ্যুত্ এলাকা থেকে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় পল্লী বিদ্যুত্ থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ধামরাইয়ের কালামপুর এলাকায় স্থানীয় লোকজন শিশুটিকে পেয়ে ধামরাই থানায় নিয়ে যায়। শিশুটি তার নাম সায়িম এবং বাড়ি মুন্সীরহাট ছাড়া আর কিছু বলতে পারেনি। শিশুটিকে হেফাজতে রেখে পুলিশ বিভিন্ন থানায় খোঁজ-খবর নিতে থাকে। এরই মধ্যে শিশুটি তার বাবা-মা এবং দাদার নাম বলতে পারে। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় যে, শিশুটির বাড়ি ময়মনসিংহের ধুবাউড়া থানার মুন্সীরহাট গ্রামের তালতলা বাজার এলাকায়। রবিবার রাতে ধামরাই থানায় মা খালেদার কাছে শিশু সায়িমকে বুঝিয়ে দেওয়া হয়।
