বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের কন্যা ও স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেছেন, দেশকে অশুভ মানুষের দখল থেকে মুক্ত করার অন্যতম হাতিয়ার হচ্ছে বই। বই মানে আলো, বই পড়ে জ্ঞান অর্জন করা যায়। জ্ঞান অর্জন করতে পারলে সমাজ রাষ্ট্রসহ সব জায়গায় আলোকিত মানুষ হওয়া সম্ভব। তিনি গতকাল সোমবার সকালে কাপাসিয়ার তরগাঁও এলাকায় পালকি কমিউনিটি সেন্টারে আয়োজিত তাজউদ্দীন আহমদ অ্যান্ড সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের স্কুলভিত্তিক বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের এই শিশুরা যদি সুশিক্ষায় গড়ে ওঠে তবেই আমরা আগামীদিন বঙ্গবন্ধু ও বঙ্গতাজের সোনার বাংলা গড়ে তুলতে পারব। আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই ফাউন্ডেশনের উদ্যোগে এই বইপড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে।
ফাউন্ডেশনের সংগঠক পারভেজ আহমেদ পাপেল-এর পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসমত আরা, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনজেরে আহসান। অনুষ্ঠানটি উত্সর্গ করা হয় তাজউদ্দিন আহমদের ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ও রাষ্ট্রদূত জমিরউদ্দিন আহমেদের স্মৃতির স্মরণে।
