ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: ৫৫ মামলায় গ্রেফতার ৩২৮

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১২:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডব চালানোর ঘটনায় আরো ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৫৫ মামলায় ৩২৮ জনকে গ্রেফতার করা হলো।

হেফাজত ইসলাম কর্তৃক বিক্ষোভ কর্মসূচি ও হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘন্টায় আরো ১১ জন হেফাজত কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে। উক্ত সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়।


 
হেফাজতের তাণ্ডবে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯ টি, আশুগঞ্জ থানায় ৪ টি ও সরাইল থানায় ২ টিসহ সর্বমোট ৫৫ টি মামলা রুজু হয়েছে। এসকল মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে। এসকল মামলায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।


ইত্তেফাক/এসজেড