উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ত করতে কাজ করছে সরকার —পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ০০:৩১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রায় প্রবাসীদেরকে সম্পৃক্ত করার কাজ করছে সরকার। গতকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন ও সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার অভাবনীয় পরিবর্তন হয়েছে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর কাছে মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকারিভাবে প্রবাসী দিবস উদযাপনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রবাসী দিবস নয়, প্রবাসী সপ্তাহ পালন করে কীভাবে প্রবাসীদেরকে সরকারের উন্নয়নের অংশীদার করা যায় তার চিন্তাভাবনা করছে সরকার। প্রবাসীদেরকে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনে নিজেদের ডাটাবেইজ নিবন্ধন করার অনুরোধও করেন মন্ত্রী।

স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি দিলারা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ, ম্যাক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর হোসেন, ডাকসুর সাবেক সহ সাধারণ সম্পাদক ও কানাডা প্রবাসী নাসিরুদ্দৌজা। অনুষ্ঠানে প্রবাসীদেরকে নিয়ে কাজ করার জন্য প্রফেসর জিয়াউদ্দীন আহমেদকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।