স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে রোগী গিয়ে ডাক্তার, নার্স না পেলে সরকার দায়ীদের কোনো ছাড় দেবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলাপর্যায়ে আবাসন ব্যবস্থা ও গাড়ি বরাদ্দসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি রোগীর সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে তিন স্তরের মনিটরিং নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে অসংক্রামক রোগের বৃদ্ধি, প্রতিকার এবং স্বাস্থ্যখাতে জাপান-বাংলাদেশ সম্ভাব্য সহযোগিতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি খাতে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে শিপ-আইচি মেডিক্যাল সার্ভিসেস এই সেমিনারের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন- চিকিত্সক, নার্সসহ কর্মচারীদের উপস্থিতি, যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বিভাগীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হচ্ছে। একটি মনিটরিং নেটওয়ার্কের মাধ্যমে এই সেলগুলো থেকে হাসপাতালগুলোতে প্রতিদিন কঠোর নজরদারি করা হবে।
সংস্থার নির্বাহী চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাইকার প্রতিনিধি হিতোশি হিরাতা বক্তব্য রাখেন।
জাইকার সহযোগিতায় আশুলিয়ায় নির্মাণাধীন আইচি মেডিক্যাল গ্রুপের উদ্যোগে ৬৫০ শয্যার জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের কাজ এ বছরের শেষে সমাপ্ত হবে বলে আয়োজকরা জানান।
