সবাইকে টেক্কা দিয়ে...

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:৫৭

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানাওত, জাহ্নবি কাপুর এবং তাপসি পান্নু— তারা ৫ জন ছিলেন প্রতিযোগিতায় মনোনয়নের দৌড়ে। বলিউডে সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে তারা কেউ কারো চেয়ে কম নন। তারা প্রত্যেকে এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, স্ক্রিন, স্টারডাস্ট, আইফা অ্যাওয়ার্ড পুরেছেন নিজের ঝুলিতে। গত বছরে মুক্তিপ্রাপ্ত অভিনীত ছবিতে তারা সবাই সেরা অভিনয়ের স্বাক্ষর রেখে ফিল্মফেয়ার পুরস্কারের দৌড়ে শক্ত অবস্থানেই ছিলেন। কিন্তু ‘থাপ্পড়’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শেষ তাপসি পান্নু সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার জিতে নিয়েছেন। তাপসির জন্য এটাই প্রথম পুরস্কার নয়। এর আগেও অনেক পুরস্কার জুটেছে তার। আগের বছর সেরা অভিনেত্রী ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি ‘শাদ কী আঁখ’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য। ৩৩ বছর বয়সী তাপসির এক দশকের বেশি অভিনয় জীবনে সুঅভিনেত্রী হিসেবে নিজের যোগ্যতা এবং অসাধারণত্বের প্রমাণ দিয়েছেন অনেকবার। ‘নাম শাবানা, ‘মূলক’, ‘মন মারয়ািন’, ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘মিশন মঙ্গল’, ‘শাদ কী আঁক’, ‘থাপ্পড়’ ছবিগুলোতে দর্শক দেখেছেন তাকে বিচিত্র ও জটিলসব চ্যালেঞ্জিং রোলে। দিল্লির মেয়ে হলেও তাকে অভিনয় জীবন শুরু করতে হয়েছিল তেলেগু সিনেমার মাধ্যমে। দক্ষিণী সিনেমার অঙ্গনে ক্যারিয়ার শুরু করে পরবর্তী সময়ে বলিউডে পা রেখেছিলেন ডেভিড ধাওয়ানের কমেডি ছবি ‘চাশমে বাদ্দুর’র মাধ্যমে। তাপসি একটা সময় ধরে দক্ষিণী সিনেমায় দাপিয়ে বেড়ালেও ফাঁকে ফাঁকে বলিউডে বাছাই করা কিছু সিনেমায় কাজ করেছেন। নারীকেন্দ্রিক ছবিগুলোতে তার অপরিহার্যতা ইদানিং বেশ স্পস্ট হয়ে ওঠেছে। চিত্রনির্মাতারা তার ওপর সহজেই ভরসা করতে পারছেন। বলিউডে এখন তাকে নিয়ে সিনেমা তৈরিতে প্রতিষ্ঠিত গুণী নির্মাতাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে ভারতীয় বিখ্যাত নারী ক্রিকেটার মিঠালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠ’ ঝড় তোলা অ্যাথলেট কন্যা রেশমির বায়োপিক ‘রেশমি রকেট’, ক্রাইম থ্রিলার ‘হাসিন দিলরুবা’, ‘লুপ লাপেটা’, ‘দোবারা’ প্রভৃতি ছবির শুটিং নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী। খুব শিগগির টেনিস কন্যা সানিয়া মির্জার বায়োপিকের কাজ শুরু করবেন তাপসি। ওদিকে বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সানজু’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবিতে তার অভিনয়ের কথা পাকা হয়ে আছে।

সম্প্রতি এক সাক্ষাত্কারে তাপসি বলেন, ‘বলিউডে আজ আমার নিজস্ব একটা অবস্থান তৈরি হয়েছে। আমার কাজের স্বীকৃতিও মিলছে। নিজেকে পরিপূর্ণ ভাবতে পারছি। তাই  অভিনয়ে আরো ভালো কিছু করার তাগিদ বেড়ে গেছে। বিশেষ করে চ্যালেঞ্জিং কাজের ব্যাপারে নেশা অনুভব করছি সব সময়।’