তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে। গতকাল সোমবার বিকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল। তারা মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানো -এ ধরনের কাজের ফল তারা ভোগ করছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা যেনো আর ক্ষমতায় না আসে, সেদিকে সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা যখন মোটর চালকদের রাতে গাড়ি চালানোর পর দিনে বিশ্রামের জন্য নির্দেশ দিয়েছেন, বিএনপি-জামায়াত তখন হরতাল-অবরোধের নামে একশ জনেরও বেশি মোটর চালককে পুড়িয়ে হত্যা করেছে।’
বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মোঃ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
