চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: আরো ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৫:০৬

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শিমুল আহমেদ (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১.৩০ মিনিটের দিকে রাজেউল ইসলাম (২৫) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে মারা যান। 

নিহত রাজেউলের বাড়ি দিনাজপুর ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নথন জামদানী এলাকায় আর শিমুল আহমদের বাড়ী মৌলভী বাজারের শ্রীমঙ্গল এলাকার জানাহুরা গ্রামে।

গত ১৭ এপ্রিল শনিবার গন্ডামারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে পুলিশ-শ্রমিক সংঘর্ষে ৫ জন মারা যান এবং পরবর্তীততে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় এ নিয়ে মোট শ্রমিকের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, পুলিশের ওপর হামলা, কাজে বাধা দানের ঘটনায় বাঁশখালী থানা পুলিশ বাদি হয়ে গত শনিবার রাতে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় দুই হাজার থেকে আড়াই হাজারজনকে আসামি করা হয়। বিদ্যুৎকেন্দ্রে হামলা, গাড়ি পোড়ানোসহ ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ কো–অর্ডিনেটর ফারুক আহমেদ বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০ থেকে ১০৫০ জনকে আসামি করে মামলা করেছেন। তবে দুই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় দুটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড