বাঙ্গি একধরনের শসা জাতীয় গ্রীষ্মকালীন ফল। ফলটিকে খরমুজ, কাঁকুড়, ফুটি নামেও ডাকা হয়। আদি নিবাস আফ্রিকা। অনেকটা বেলে এবং কম মিষ্টিযুক্ত। বাংলাদেশে গ্রীষ্মকালে সব এলাকাতেই পাওয়া যায়। দেশে বেলে ও এঁটেল দুই জাতের বাঙ্গির ফলন হয়। মিষ্টি কম হলেও পাকা বাঙ্গির ঘ্রাণ খুবই সুমিষ্ট। পুষ্টিগুণে সমৃদ্ধ ফলটি গ্রীষ্মের দাবদাহে শরীরে আনে প্রশান্তি। দেহকে করে ঠান্ডা। এতে রয়েছে প্রচুর ফলিক অ্যাসিড, যা রক্ত তৈরিতে সাহায্য করে। গর্ভবতী মহিলাদের জন্য বাঙ্গি খুবই উপকারী। এর উচ্চমাত্রার ক্যারোটিন ও ভিটামিন সি দেহের ক্ষত দ্রুত সারায়। এর ভিটামিন বি চুলপড়া প্রতিরোধ করে। এর খাদ্যআঁশ হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া আলসার, ক্ষুধামন্দা, হাড়ের ভঙ্গুরতা রোধ, মনের অবসাদ দূর, ত্বকে বয়সের ছাপ প্রতিরোধসহ বাঙ্গি মানবদেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন, ইরান, তুরস্ক, মিসর, ভারত, যুক্তরাষ্ট্র, স্পেন, মরক্কো, ব্রাজিল এবং মেক্সিকো বাঙ্গি উত্পাদনে শীর্ষ দেশ।
নূরে আলম সিদ্দিকী শান্ত
