পালাবদল

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৩৯

মঈনুস সুলতান

 

ক্যানভাসে আঁকতে বসি ট্রেনের বিলম্বিত হুইসেল

ধ্বনির দ্যোতনা উড়ে যায় তেপান্তরের কাছে,

প্রান্তর ভরে আছে প্রাজ্ঞ তরুবরে

বৃক্ষকুটির বাঁধতে পারলে—বাস করা যেত গাছে।

 

খেয়ালি হতে আপত্তি তোমার

তবে মনে ধরেছে নীরবে নৌকায় নীলের চাষ,

ম্যাপোল বৃক্ষের পত্রালী হয়েছে লোহিতে স্বর্ণালী

বর্ণের রঙিলা ঝংকারে ভরে ওঠে আমার আমখাস।

 

তোমার ধমনিতে বয়ে যায় নদী

কেবলই শুনতে চাও—ডলফিনের যুগল সংলাপ,

কাছে আসো—মাথা রাখো কাঁধে

শুষে নাও ঠোঁটের চুষ-কাগজে শরীরের উত্তাপ।

 

থোকা থোকা রঙের কনসার্টে সৃষ্টি হয় আমাদের সংগীত,

অটাম ঋতুতে সাঙ্গ হয় গায়ে হলুদের পালা

কুয়াশার মশারি খাটিয়ে গুটিশুটি শয্যায় ঢুকে পড়ে শীত।