শাহেদ ইকবাল
সবকিছু জমা রেখে যাই
বাঁশিকে ফুলের কাছে ফুলকে নদীর কাছে রেখে যাই
নদীগুলো রেখে যাই নক্ষত্রের কাছে
রাত্রির ভাঁজে ভাঁজে তারাগুলো রেখে যাই।
যেখানেই রেখে যাই সেখানেই জ্বলে ওঠে চাঁদ
যেখানেই রেখে যাই সেখানেই বেজে ওঠে সুর
আকাশ-পৃথিবী-আলো
থোকা থোকা কাচ ফুল
পৃথিবীর মায়াবী রোদ্দুর
হেসে ওঠে দূর-বহুদূর।
চাঁদ বলে, ‘আমি আছি।’ মেঘ বলে, ‘আছি।’
সুর বলে, ‘বেজে যাই আরও কাছাকাছি।’
অস্তাচলের কাছে যাকে জমা রেখে যাই—
হূদয়েতে খুঁজে পাই—ঠিক খুঁজে পাই।
যে পাখির ডানা নেই, জানা নেই আকাশের সীমা
মনে নেই ঝাউবন, মায়াবী পূর্ণিমা
সে-ও ঠিক মনে রাখে প্রথম ফাল্গুনের গান
জীবনে হারায় না কিছু—না প্রেম, না অভিমান!
