চলো পাশাপাশি হাঁটি

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৪১

মোহাম্মদ নাদিম

 

নিজেকে আড়াল করতে চাও!

নিজের কাছ থেকে নিজেকে লুকোবে কীভাবে?

তুমি তো জানো আমার ভেতরেই তোমার বসবাস,

তবে কি আয়নায় মুখ দেখা বন্ধ করে দেবে?

আকাশের স্পর্শ কখনো পায় না নদী,

তবু কী পরম মমতায়

নিজের বুকে আগলে রাখে তাকে!

আমার হূদয়ও সেরকম একটি নদী,

যার বুকে তুমি আকাশ হয়ে ঝুলে থাকো অহর্নিশ।  

আকাশ কি কখনো নিজেকে লুকোতে পারে?

এই লুকোচুরি খেলা বন্ধ কর তবে!

যতটা পথ বাকি, 

চলো আকাশ আর নদী হয়ে—পাশাপাশি হাঁটি।