নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও
জমা দিলেন আলহাজ আবিদ হোসেন সরকার
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবিদ হোসেন সরকার। তিনি গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। আলহাজ আবিদ হোসেন সরকার ১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এবং দীর্ঘদিন ধরে উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। বিএনপিতে যোগদানের পর ৮৮ সালের ভয়াবহ বন্যায় দলীয় ও ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া তিনি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন। বিগত ইউপি নির্বাচনে উত্তরগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেন। আলহাজ আবিদ হোসেন সরকার বলেন, দল আমাকে মনোনয়ন দিলে আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
গ্রাম আদালত শীর্ষক অবহিতকরণ কর্মশালা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে “গ্রাম আদালত” শীর্ষক অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ স ম বাবর আলী। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ওসি (অপারেশন) রহমত আলী, ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মামুনুর রশিদ খান, ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মো. আব্দুল আজিজ, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ প্রমুখ।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে
ভর্তি পরীক্ষা সমাপ্ত
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা বৃহস্পতিবার ডি ইউনিটের পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে। পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তার সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন্ নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর। ৫টি ইউনিটে ২৩টি বিভাগে মোট আসন সংখ্যা ১১০৫। উল্লিখিত আসনের বিপরীতে সর্বমোট ৩৩ হাজার ২২টি আবেদন জমা হয়।
নাটোর চিনিকলে আখমাড়াই মৌসুম শুরু
নাটোর প্রতিনিধি ১২ হাজার ২৫৫ মে.টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে উত্তরাঞ্চলের অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাটোর চিনিকলের ২০১৮-১৯ মৌসুমের ৩৫তম আখমাড়াই মৌসুম গতকাল শুক্রবার শুরু হয়েছে। মিলাদ মাহফিলের মাধ্যমে ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখচাষি ও আখচাষি সমিতির সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান টেশনিশিয়ান সার্ভিসেস মো. শামসুর রহমান ও নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক মো. সাহাজ্জত আলী খান। তাছাড়াও নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্ল্যাহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চিনিকলের সমস্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আখচাষিবৃন্দ।
মাগুরায় দুইদিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু
মাগুরা প্রতিনিধি মাগুরায় গত শুক্রবার থেকে দুইদিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে । এবছর শহরের বেলতলা, বড়বাড়ি, বাটিকাডাঙ্গা, নিজনান্দয়ালী দত্তবাড়ী, আঠারখাদা প্রভৃতিস্থানে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মহানবমী দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে সমগ্র শহর নতুন সাজে সেজেছে। পূজা উপলক্ষে প্রতিমা, গেট-প্যান্ডেল, আলোকসজ্জার পাশাপাশি নানা রকম ডিসপ্লে আগত দর্শকদের দৃষ্টি কাড়ছে। বসেছে মেলা ।
মুলাদীতে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের সভা
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। এ সময় বক্তব্য রাখেন মুলাদী থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, পুলিশ পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার, কলেজের সহকারী অধ্যাপক নেছার উদ্দীন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দীন সিকদার, ডা. নিজাম উদ্দীন, প্রভাষক জাহাঙ্গীর কবির প্রমুখ।
চাটমোহরে দুদিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত ‘লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার এর উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহেদ পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মগরেব আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, এডিসি শাহেদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, বিসিএস আই আর, ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাসুদুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সুলতানা আঞ্জুমান আরা, বৈজ্ঞানিক কর্মকর্তা কণিকা মণ্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা লিটন মুন্সি, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল কুদ্দুস, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।
মথুরাপুর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলার মথুরাপুর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার মথুরাপুর সেন্ট রিটাস প্রাথমিক বিদ্যালয়ে আভাষ গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মথুরাপুর ধর্মপল্লীর পুরোহিত ফাদার দীলিপ এস কস্তা। বিশেষ অতিথি ছিলেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক ও উপজেলা সমবায় অফিসার সমর কুমার বিশ্বাস। এ সময় বক্তব্য দেন, ননী গাব্রিয়েল কস্তা, মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, এন্থনী পালমা, ডাবলু গমেজ, জোয়াকিম গমেজ প্রমুখ। এছাড়া দিনব্যাপী ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
বড়াইগ্রামে এআইএম কেবল নেটওয়ার্কের যাত্রা শুরু
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বনপাড়া পৌরসভায় সরকার অনুমোদিত একমাত্র কেবল অপারেটর এআইএম কেবল নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন। কেবল নেটওয়ার্কের ম্যানেজিং পার্টনার আজিজুল হক বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া হাইওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার পিপিএম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক।
ইসলামপুরে নিউ জেনারেশন ক্লাব উদ্বোধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে পৌর এলাকার কিংজালায় একটি অরাজনৈতিক সংগঠন নিউ জেনারেশন ক্লাব উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংগঠনের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির আহাম্মেদ রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নূর ইসলাম নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক এম.শফিকুল ইসলাম ফারুক, ওয়ার্ড কাউন্সিলর মোহন মিয়া, সাবেক কাউন্সিলর বেলাল হোসেন, উপদেষ্টা সোহাগ খান লোহানী, সিনিয়র সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি মোর্শেদুল ইসলাম মজনু প্রমুখ।
আ’লীগ থেকে লড়তে চান অ্যাডভোকেট হাবিবুর রহমান ভুঁইয়া
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ভুঁইয়া। ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসন থেকে এলাকার উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন তিনি। তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর সুখে-দুখে সবসময়ই পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান ভুঁইয়া এলাকায় গণসংযোগ, উঠানবৈঠক করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রচারপত্র বিলি করে ভোট চাচ্ছেন। জনসভা ও পথযাত্রায় তাকে সমর্থন জানান দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে দেবিদ্বার আসনে আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ ততই নৌকার পক্ষে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তারা এবার চান দলীয় প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আ’লীগের মনোনয়ন
প্রত্যাশী অ্যাডভোকেট খোরশেদ আলম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ঢাকা ট্যাক্সসেস বার অ্যাসোসিশনের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখা কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলম। গত রবিবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। এলাকার উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি। তিনি এলাকার তৃণমূলে গণসংযোগ, উঠান বৈঠক করে ভোটারদের মাঝে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি করে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নে বিশ্বের রোল মডেল, এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এ আসনে আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ ততই নৌকার পক্ষে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তারা বলেছেন, নৌকা যার আমরা তার।
ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন
চান কবি সেলিম বালা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন চান বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। এই আসনে আরো একাধিক প্রার্থী থাকলেও সেলিম বালার নাম এখন ভোটারদের মুখে মুখে। মনোনয়ন প্রত্যাশী কবি সেলিম বালা বলেন, আমি দীর্ঘদিন ধরেই মাঠে কাজ করছি। দেশনায়ক তারেক জিয়া গর্ব করি তোমায় নিয়ে ও ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ শিরোনামে আমার লেখা ও সুরে দুটি গান বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তাছাড়া এলাকার লোকজন ও দলীয় নেতা-কর্মী, বিশেষ করে তরুণ প্রজন্ম চায় আমি রাজনীতিতে আসি, নির্বাচন করি। তাই বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। এর আগে ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোয়নয়ন প্রত্যাশায় এলাকায় গণসংযোগ শুরু করেন কবি সেলিম বালা। কিন্তু ওই বছর দল নির্বাচন বর্জন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করলে সেলিম বালা তার অনুসারীদের নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে সোচ্চার ছিলেন। এবার একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগে থেকেই এলাকায় গণসংযোগ শুরু করেন সেলিম বালা।
নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী হতে
চান আতাউর রহমান ভূঁইয়া মানিক
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। এ লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সঙ্গে মতবিনিময় সভা-সমাবেশ করে যাচ্ছেন। শুক্রবার নোয়াখালী জেলা পরিষদ কর্তৃক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। পরে আতাউর রহমান ভূঁইয়া মানিক নেতাকর্মিদের বিশাল গাড়ি বহর নিয়ে সেনবাগ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অর্জুনতলা গ্রামের বাড়িতে যান এবং সাদ্দামের ক্যান্সার আক্রান্ত পিতা চৌধুরী মিয়ার শাররীক অবস্থার খোঁজ-খবর নেন। এছাড়া সকালে সোনাইমুড়ি উপজেলার কাশীপুর এলাকায় নিজ নামে প্রতিষ্ঠিত আতাউর রহমান ভূঁইয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন। বৃত্তি পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, এ বৃত্তি পরীক্ষায় ৩য় থেকে দশম শ্রেণি পর্যন্ত এক হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়।
মিঠাপুকুরে আদিবাসী পল্লীতে
সংঘর্ষে আহত ১০
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
শুক্রবার সকালে মিঠাপুকুরের আদিবাসী পল্লীতে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুরের বলদীপুকুর বালাপাড়ার আদিবাসী সুকেন্দ্র কুজুর ও নন্দ কুজুরের মধ্যে জমির অংশীদারিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। ঘটনার দিন সুকেন্দ্র কুজুর তার লোকজন নিয়ে ওই জমিতে ধান কাটা শুরু করেন। এ সময় নন্দ কুজুর স্থানীয় লোকজন নিয়ে এতে বাধা দেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তীর-ধনুক ও লাঠিসোটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়। মিঠাপুকুর থানার ওসি আশিকুর রহমান জানান, আদিবাসী চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল সংঘর্ষের মূল কারণ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
