বগুড়ার আলোচিত পারুল হোমিওর লাইসেন্স সাময়িক বাতিল

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:৫০

মদপানে মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় বিষাক্ত মদপানে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আলোচিত সেই পারুল হোমিও ল্যাবরেটরির লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ঐ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সারা দেশে বিভিন্ন ক্যাটাগারির ৮০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাতে পারুল হোমিও ল্যাবরেটরি ছাড়াও বগুড়ার আরো দুই প্রতিষ্ঠানের নাম রয়েছে। জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারি শহরের বিভিন্ন স্থানে বিষাক্ত মদপানে আট জনের মৃত্যু হয়। পরে পুলিশি তদন্তে পারুল হোমিও ল্যাবরেটরির নাম আসে। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি রাতে দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে পারুল হোমিও ল্যাবরেটরির স্বত্বাধিকারী শহরের ফুলবাড়ী এলাকার নুরুন্নবী ওরফে নুরনবীসহ কয়েক জনকে গ্রেফতার করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হলেই চার্জশিট আদালতে দাখিল করা হবে।