স্পোর্টস ডেস্ক
ফুটবল দুনিয়াকে চমকে দিয়ে ইউরোপীয়ান সুপার লিগ আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা বালির বাধের মতো ভেঙে যাবে। দর্শক প্রতিবাদে ক্লাবগুলো ক্ষমতা চাইতে শুরু করবে তা যেন কেউ কল্পনাও করেননি। যে ১২টি ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজন করার ঘোষণা দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সভাপতি েফ্লারেন্তিনো পেরেজ তার সেই স্বপ্নের বুনন মুহূর্তে ভেঙে যাবে তা কল্পনাও করেনি কেউ। মুখ থুবড়ে পড়া অভিজাত শ্রেণির সুপার লিগ নিয়ে এখনো ফুটবল প্রিয় মানুষ একটা ঘোরের মধ্যে আছে। সুপার লিগ চেয়ারম্যান এবং রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখনো স্বপ্ন দেখছেন এই টুর্নামেন্ট নিয়ে। ১২ ক্লাব চুক্তি করলেও কারো বিরুদ্ধে আইনি লড়াইয়ে না গিয়ে আলোচনায় সমাধানের পথ খুলতে চান পেরেজ।
১২ ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এখনো ছেড়ে যায়নি। যদিও পেরেজ মনে করছেন তাদের পরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। মিথ্যা প্রচারণার শিকার হয়েছেন তিনি। তা না হলে এই লিগ মাঠে গড়তোই। পেরেজ বলেন, ‘সুপার লিগ বাস্তবায়ন হতোই, ‘অনেক মিথ্যা প্রচারণা চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা না কি ঘরোয়া লিগ ধ্বংস করে দিচ্ছি, ফুটবলের চেতনা শেষ হয়ে যাচ্ছে, আমরা ফুটবলকে খুন করছি। অথচ এর কিছুই সত্যি নয়। যারা এসব ছড়াচ্ছে, তাদের ক্ষমতা রয়েছে ফুটবলে। সেই ক্ষমতা হারাতে চায় না তারা।’
মঙ্গলবার রাতে সবার আগে সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ম্যানচেস্টারের ক্লাব সিটি। তাদের দেখাদেখি অন্যরাও প্রস্তাবিত এই আসর থেকে নিজেদের সরিয়ে নেয়। ক্ষুব্ধ পেরেজ সরাসরি নাম উল্লেখ না করলেও জানালেন ম্যানচেস্টারের এক ক্লাবের জন্যই সুপার লিগ আয়োজনের পরিকল্পনা নষ্ট হয়েছে। বললেন, ‘রাত ১টা পর্যন্ত আমরা একসঙ্গেই ছিলাম। আমি খুবই দুঃখ পেয়েছি এবং হতাশ। প্রিমিয়ার লিগের ছয় ক্লাবের মধ্যে একটি দল পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না সুপার লিগ আয়োজন নিয়ে। তবে আমি ক্লাবটির নাম বলব না।’
