বিমানবন্দরে গুলিসহ চিকিত্সক দম্পতি আটক মুচলেকায় মুক্তি

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:১৮

ঘোষণা না দিয়ে ম্যাগাজিন-গুলি নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে উঠতে গিয়ে চিকিত্সক দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়। আটকের পর মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে তাদের ঢাকা থেকে যশোর যাওয়ার কথা ছিল। আটককৃতরা হলেন-ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের ট্রান্সফিশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজানা মাহিনুর ও তার স্বামী একই হাসপাতালের চিকিত্সক ডা. মোশায়েদ রহমান।

বিমানবন্দর সূত্র জানায়, ঐ চিকিত্সক দম্পতির হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে একজনের কাছে একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় তারা সেটি বৈধ বলে দাবি করলেও বিমানে ওঠার আগে নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ায় ঐ দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, নিয়ম অনুযায়ী ঘোষণা না দেওয়ার কারণ জানতে চাইলে ঐ চিকিত্সক দম্পতি বলেন, খেয়াল ছিল না। তাদের কাছে পাওয়া অস্ত্রটির লাইসেন্স আছে বলে দাবি করলে তা যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া যায়। পরে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।