প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই: চক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:৩৯

রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তরুণদের কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁদের গ্রেফতার করেছে। এরা হচ্ছে- মহানগরীর রাজপাড়া থানার নগরপাড়া আদর্শ গ্রামের মাসুদ রানা বাবলু (৪৮), বুলনপুর জিয়ানগর এলাকার আরিফা খাতুন (২১) ও তাঁর বোন শোভা বেগম (২৬)।

বৃহস্পতিবার বিকালে আরএমপির ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, গ্রেফতারকৃতরা প্রতারক চক্রের সদস্য। তরুণদের প্রেমের ফাঁদে ফেলে তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে টাকা, মোবাইল সেটসহ সবকিছু ছিনতাই করতো। শোভা ও আরিফা প্রেমের ফাঁদ পাততো। আর বাবলুও ঐ গ্রুপের সদস্য।

তিনি আরও জানান, নগরীর শেখেরচক এলাকার এক যুবক (২৬) গত সোমবার (১৯ এপ্রিল) এই চক্রের ফাঁদে পড়ে মোবাইল সেট ও টাকা খোয়ান। এরপর বুধবার তিনি ডিবি পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের অবস্থান নিশ্চিত হয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুক্তভোগীর মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এসআই