উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, মাদক কারবারি নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২২:৫২

উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা ও একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। নিহত রোহিঙ্গা যুবক ইব্রাহিম (৩০) উখিয়ার কুতুপালং ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রেজুআমতলী বিওপির একটি আভিযানিক টহল দলের সঙ্গে ইয়াবা কারবারিদের গোলাগুলি হয়। পরবর্তী সময় টহল দল ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন । গোলাগুলির ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়েছে।