বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৯:০১

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। মানছেন না  কেউ স্বাস্থ্যবিধি। রবিবার (২৫ এপ্রিল) থেকে শপিংমল ও দোকানপাট খোলার ঘোষণায় শনিবার সকাল থেকে এই নৌরুটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে।

মূলত শুক্রবার দুপুর থেকে ভীড় বাড়তে থাকে। শনিবার সকাল থেকে পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, অনেক ক্ষেত্রে যাত্রীর চাপে জরুরি যানবাহন পার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফেরির সংখ্যা বৃদ্ধি করা না হলে যাত্রীদের চাপে প্রাইভেট গাড়ি ও পণ্যবাহী ট্রাক পার করতে আরো দুর্ভোগ পোহাতে হবে। 

বাংলাবাজার ফেরিঘাট এলাকায় ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। কোথাও দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার লক্ষণ। এদিকে লঞ্চ বন্ধ থাকলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্পীডবোট ও ট্রলারে পারাপার হচ্ছে যাত্রীরা। মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ ঘাটে আসছেন। ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলে বরিশাল থেকে ৫শ থেকে ৬শ টাকা, খুলনা থেকে ১ হাজার থেকে ১২শ টাকা, গোপালগঞ্জ ৫শ টাকা, মাদারীপুর ২শ টাকা, বাগেরহাট ৬শ ৫০ টাকাসহ প্রতিটি যানবাহনেই কয়েকগুণ ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। কোনো কোনো মটরসাইকেলে ৩ জন করে যাত্রী বহন করা হচ্ছে। 

বাংলাবাজার ঘাট ম্যানেজার মো: সালাউদ্দিন বলেন, দিনে জরুরী যানবাহন নিয়ে সীমিতভাবে ফেরি চলছে। মাত্র ৫ টি ফেরি দিয়ে পারাপার করায় এবং সিংহভাগ ফেরি, লঞ্চ বন্ধ থাকায় ফেরিগুলোতে যাত্রী চাপ বেশি পড়েছে। 

ইত্তেফাক/এসজেড