ভারতের হাসপাতালগুলোতে করোনা রোগীর তীব্র চাপে অক্সিজেন সংকট প্রকট রূপ নিয়েছে। শুক্রবার দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
সংবাদ মাধ্যম ব্যাংকক পোস্টের বরাতে জানা যায়, দিল্লীর অন্যতম বৃহৎ বেসরকারি ম্যাক্স হাসপাতাল থেকে এসওএস সতর্ক বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সাতশরও বেশি রোগী ভর্তি হয়েছে। অবিলম্বে সহায়তা প্রয়োজন।
ভারতে শুক্রবার একদিনে ৩ লাখ ৩০ হাজারেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে আর কোথাও একদিনে এতো সংখ্যক লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া একদিনে মারা গেছে দুই হাজার লোক।
এদিকে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে গত রাতে ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাসপাতালটির চিকিৎসা পরিচালক ড. ডিকে বালুজা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের হাসপাতালের জন্য ৩.৫ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর সরবরাহ সন্ধ্যা ৫টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু এগুলো এসে পৌঁছায় মধ্যরাতে। ফলে এর মাঝে ২৫ জন রোগী মৃত্যুর কোলে ঢলে পরেন।
দেশটির অধিকাংশ এলাকায় বর্তমানে কঠোর নিষেধাজ্ঞা চলছে। রাজধানী নয়াদিল্লীতে লকডাউন জারি করা হয়েছে। মহারাষ্ট্র রাজ্যে অপ্রয়োজনীয় সকল কর্মকান্ড বন্ধ রাখা হয়েছে। এছাড়া উত্তর প্রদেশ রাজ্যে চলতি সপ্তাহান্তে সকল কিছু বন্ধ করে দেয়া হচ্ছে।
ইত্তেফাক/এএইচপি
