ইত্তেফাক রিপোর্ট
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) মেধাস্বত্বকে যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এসএমই খাতকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধি ও টেকসই করতে এ খাতের উদ্যোক্তাদের মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে। এসএমই খাতসহ সব শিল্প খাতে গুরুত্বারোপ করে নতুন পেটেন্ট আইন প্রণয়ন করা হয়েছে। এখন নতুন পেটেন্ট আইনে ‘ট্রিসপ’ চুক্তির সঙ্গে মিল রেখে সাজানোর কাজ করা হচ্ছে বলে জানান তিনি। বিশ্ব মেধাসম্পদ দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত এসএমই খাতের মেধাসম্পদ সুরক্ষা বিষয়ে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।
