সাপ্তাহিক শীর্ষ লুজারের ৮০ ভাগই ফ্লোর প্রাইজ তুলে নেওয়া কোম্পানি

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৪

ইত্তেফাক রিপোর্ট

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও শেয়ারবাজারের উন্নয়নের কথা বলে গত ৭ এপ্রিল ৬৬টি কোম্পানি থেকে ফ্লোর প্রাইজ তুলে নেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যেসব কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে টপটেন লুজারে স্থান করে নিয়েছে ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি। কোম্পানিগুলো হলো—খুলনা পাওয়ার কোম্পানি, রিং সাইন টেক্সটাইলস, এম দশমিক এল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সুহূদ ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং। এর মধ্যে গত সপ্তাহে খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার দর কমেছে ৯ দশমিক ২৬ শতাংশ। এছাড়া রিং সাইন টেক্সটাইলসের ৯ দশমিক ২৬ শতাংশ, এম.এল ডাইংয়ের ৯ দশমিক ১১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলসের ৮ দশমিক ৯২ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৮ দশমিক ২৯ শতাংশ, সুহূদ ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ১৫ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭ দশমিক ৯৬ শতাংশ ও ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭ দশমিক ৯৪ শতাংশ দর কমেছে।