দালাই লামার উত্তরসূরির মুক্তির দাবিতে ফের সোচ্চার তিব্বতীরা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:৩২

দালাই লামার উত্তরসূরি একাদশ পাঞ্চেন লামার মুক্তির দাবিতে ফের সোচ্চার হলেন ভারতে অবস্থানরত তিব্বতীরা। এ নিয়ে আজ রবিবার তাঁর জন্মদিনে একটি আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করেছে টিবেটিয়ান ইউথ কংগ্রেস। আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ‌‘‌পাঞ্চেন লামা’‌স অ্যাবডাকশন বাই চায়না অ্যান্ড ইটস সিগনিফিকেন্স টুডে’‌।

জানা গেছে, এই ওয়েবিনারের সহযোগিতায় থাকছে হিমালয়ান এশিয়া স্টাডিজ অ্যান্ড এনগেজমেন্ট, রিসার্চ অ্যান্ডডেভেলপমেন্ট ফাউন্ডেশন ফর ইন্টিগ্রাল হিউম্যানিজম এবং স্টুডেন্টস ফর এ ফ্রি টিবেট। তাদের দাবি, পাঞ্চেন লামা ‌ বিশ্বের সব থেকে কম বয়সী এবং দীর্ঘদিন ধরে জেলবন্দী থাকা ব্যক্তি। ১৯৯৫ সালে দালাই লামা প্রথাগত পদ্ধতিতে স্বীকৃতি দেওয়ার তিনদিন পর তাকে স্বপরিবার অপহরণ করা হয়। তারপর থেকে তাকে বা তার পরিবারের কাউকেই আর দেখতে পাওয়া যায় নি। চীনের পক্ষথেকেই তাকে অপহরণ করা হয়েছিল বলে তিব্বতীদের অভিযোগ। সেই সময় তার বয়স ছিল মাত্র ৬ বছর। ‌তারপর থেকে ২৬ বছর ধরে তিনি জেল বন্দী রয়েছেন। উল্লেখ্য, একাদশতম পাঞ্চেন লামা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ আধ্যাত্বিক নেতা হিসেবে স্বীকৃত।