প্রজেক্ট স্কুলিং কর্মসূচি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:০৭

বিদ্যালয়ের বই খাতা বহনে ‘আনন্দ পৌঁছে দিতে’ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণী উত্সব করলো মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব। শুক্রবার শহরের শকুনী লেকপাড়ে প্রজেক্ট স্কুলিং কর্মসূচীর মাধ্যমে জেলার ২৫টি স্কুলের ৭০০ শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ করে এমএসএসসি।  মাদারীপুরের স্থানীয় তরুণদের অন্যতম বৃহত্ সংগঠনটির এবারের ষষ্ঠতম উদ্যোগের পাশে ছিলো গুড লাক স্টেশনারি, আইপিডিসি ফাইন্যান্স,এবং স্পার্ক বিডি। সামাজিক সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্যে এমএসএসসি ২০১৩ সালে যাত্রাশুরু হওয়ার পর ২০১৪ থেকে ‘প্রজেক্ট স্কুলিং কর্মসূচি’ পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে বছরের শুরুতে নতুন বইয়ের সাথে নতুন একটি স্কুল ব্যাগ পাওয়ায় শিক্ষার্থীদের মাঝে পড়াশুনা এবং স্কুলের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন সংগঠনের সদস্যরা। এবছর ৭০০ নতুন স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে গত ৬ বছরে সংগঠনটি মোট ২৩০০ শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিয়েছে বলে জানান এমএসএসসি সহ-প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইসতিয়াক আহমেদ শাওন। ইসতিয়াক আহমেদ শাওন বলেন, ‘আমরা সামাজিক কাজে সম্পৃক্ততা বাড়াতে চাই - অন্যান্য সংগঠন,সংস্থা, ব্যাক্তি এবং প্রতিষ্ঠানের সাথে। আমাদের প্রত্যাশা তারাও এগিয়ে আসবেন একসাথে সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে এবং আমরাও প্রতিনিয়ত  চেষ্টা করছি তাদের সাথে সম্পৃক্ততা বাড়াতে।’ আর এক সহ-প্রতিষ্ঠাতা খন্দকার রাশেদ আহমেদ (রিফাত) বলেন, ‘আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগগুলো নিয়ে থাকি। আমাদের সবগুলো উদ্যোগের মধ্যে প্রজেক্ট স্কুলিং গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। প্রতি বছর নতুন বইয়ের সাথে আমরা চেষ্টা করি দরিদ্র-মেধাবি তবে সামাজিক ভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে নতুন একটি ব্যাগ তুলে দিতে।’