‘মামুনুল হক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত’

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৮:২৩

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক পাকিস্তানি একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. হারুন-অর-রশিদ। রবিবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা ছিল মামুনুল হকের। ২০০৫ সালে ভগ্নিপতি নেয়ামতউল্লাহর মাধ্যমে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। রিমান্ডে থাকা মামুনুল হকের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মামুনুল হকের মোবাইলটি উদ্ধার করেছি। তার মোবাইলে বিকাশের মাধ্যমে কাতার, দুবাই, পাকিস্তান থেকে প্রচুর পরিমাণ টাকা এসেছে। মামুনুল বাবরি মসজিদের নাম বলেও টাকা এনেছেন।  এই টাকা দিয়ে তিনি উগ্র জঙ্গিবাদী কায়দায় বাংলাদেশের কয়েকটি মসজিদের ও মাদ্রাসার কিছু কিছু লোককে ম্যানেজ করেছেন। 

 

এর আগে, ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার গ্রেফতার করা হয়। পরে ১৯ এপ্রিল তাকে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম আদালত) নেওয়া বিচারক মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

ইত্তেফাক/ইউবি