ঘরে খাবার ও পরিকল্পিত লকডাউনের দাবিতে ঘটি-বাটি-রিক্সা মিছিল করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি। রবিবার ( ২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাপ্ত হয়।
এসময় বক্তারা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ ঘোষণা দিয়ে গোদের উপর বিষফোঁড়ার মত মুভমেন্ট পাস নামক একটি যন্ত্রণাও চাপিয়ে দিয়েছে। অথচ এক মুঠ চালও সরকারের পক্ষ থেকে নিন্মবিত্তদের ঘরে পৌঁছানোর ব্যবস্থা করেনি। যার কারণে নিরন্নতা তৈরি হচ্ছে, মানুষ সংসার-সন্তানের ক্ষুধার জ্বালা মেটাতে ঘরের বাইরে বেরুতে বাধ্য হচ্ছে। পরিকল্পিতভাবে বিশ্বের অন্যান্য দেশের মত নিন্মবিত্ত-শ্রমজীবী-ভাসমান মানুষদের খাবার নিশ্চিত করে তারপর লকডাউন দিয়ে দেশকে করোনা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে না নিলে ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, মনে রাখবেন, নিরন্ন মানুষ পুলিশ-প্রশাসন বোঝে না, খাবার বোঝে খাবার। আর তাই ঘরে ঘরে খাবার পৌছে দিয়ে তারপর লকডাউন কার্যকর চাই। ভাসমান মানুষদের পুনর্বাসন দিন, খাদ্য দিন, বাঁচার মত পরিবেশ দিন; না হয় লকডাউন তুলে নিন।
ইত্তেফাক/এসআই
